
বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা।’ এরপর তিনি ওপরে চলে যান।
জানা গেছে, গভর্নর ওপরে গিয়ে প্রথমে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন। এরপর সব নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যাওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারাবাহিক বিক্ষোভের মুখে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ ব্যাংক-সংক্রান্ত বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
এর আগে অর্থনীতিবিদ বা আমলাদের মধ্য থেকে গভর্নর নিয়োগ হয়েছে। এবার স্বল্প পরিচিত একজন ব্যবসায়ীকে এ পদে বসানো হলো। বিশ্বের কোনো দেশে কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের নজির নেই।
মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন। রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়াটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, ঢাকার শিল্প ও ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআইর পর্ষদসহ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গতকাল জারি হওয়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়– মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। একই আদেশে ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]