বাণিজ্যমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ (শুল্ক) নীতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান (ইভলভিং)। আমরা শুনেছি তারা সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করতে যাচ্ছে, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত নথি আমাদের হাতে পৌঁছায়নি।’


তিনি আরও জানান, আগে নির্দিষ্ট দেশভেদে ১৯ শতাংশ পর্যন্ত রিসিপ্রোকাল ট্যারিফ ছিল। এখন ১৫ শতাংশ যে ট্যারিফের কথা বলা হচ্ছে, তা সবার জন্য অভিন্ন। বিষয়টিকে অত্যন্ত ‘সেনসিটিভ’ বা সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট” (গোপনীয়তা চুক্তি) ছিল আলোচনা চলাকালীন সময়ে। যেহেতু পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এ বিষয়ে এখনই আগাম কোনো মন্তব্য না করাই শ্রেয়। আমরা চুক্তিটি দেখছি, সেখানে সব ধারা যে আমাদের পক্ষে বা বিপক্ষে থাকবে তা নয়। সব দিক বিবেচনা করেই ব্যবস্থা নেয়া হবে।”


এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে অতিরিক্ত মন্তব্যের জন্য জোরাজুরি না করতে এবং জাতীয় স্বার্থে সতর্ক অবস্থান বজায় রাখার অনুরোধ জানান।


দেশের বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্যগুলো এনে বাজারে জোগান দেয়, সেগুলোর দাম নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করেন।’


লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধির উদাহরণ টেনে তিনি বলেন, ‘৪০-৫০ টাকার লেবু হঠাৎ ১২০ টাকায় যাওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। কোনো সরবরাহ সংকটও ছিল না। প্রমাণ হলো–তিন দিনের মাথায় দাম আবার ৪০ টাকায় নেমে এসেছে। তার মানে কিছু মানুষ কেবল শূন্যতার সুযোগ নেয়ার চেষ্টা করেছিল।’


বাজারে চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘চাঁদাবাজি বন্ধে আমি শুধু মুখে আশ্বাস দেব না, বরং কাজের মাধ্যমে তা করে দেখাব।’


সম্প্রতি টিসিবির পণ্য কিনতে গিয়ে হুড়োহুড়িতে দুজন নারীর পড়ে যাওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা দেখামাত্রই মন খারাপ হয়ে যায়। এগুলো হওয়া উচিত নয়।’ ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং পণ্য বিতরণে আরও শৃঙ্খলা বজায় রাখতে ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com