
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে তার আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতরের পরদিন জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমদের আদালত আপসের শর্তে জামিনের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গেল অগাস্টে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা করেন।
মামলায় তরুণী অভিযোগ করেছেন যে, ‘বিয়ের আশ্বাস দিয়ে’ তাকে নিজের স্টুডিওতে ‘আটকে রাখেন’ নোবেল।
“এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।”
আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গেল ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সেটি আমলে নিয়ে ওইদিনই নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করল ডেমরা থানা পুলিশ।
এর আগে গেল বছরের ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের এক ছাত্রী, সেদিনই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
পরে পারস্পরিক সমঝোতায় ১৯ জুন কারাগারে বসেই মামলার বাদীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। এর পরপরই জামিনে কারামুক্ত হন নোবেল।
তবে বাদীকে বিয়ে করেও ‘নিস্তার’ পাননি নোবেল, গেল ২৯ নভেম্বর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় ডেমরা থানা পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, বাদীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখতেন নোবেল। নেশাগ্রস্ত হয়ে ওই তরুণীকে মারধরও করতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মত অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদের শিরোনাম হয়েছেন।
অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে ২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি।
পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে এক দিনের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পান নোবেল।
২০১৯ সালে ভারতের জি-বাংলা টেলিভিশনের গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। এর পরপর নানা কর্মকাণ্ডে তাকে ঘিরে সমালোচনাও বাড়তে থাকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]