
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নৈশ্য কোচের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মা মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে মুবাশ্বিরা। হতাহতরা দেবীগঞ্জ পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার মো. আজাদের স্ত্রী ও সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল নাদের পরিবহনের একটি নৈশ্য কোচ । এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে মুনতাহান ও মুবাশ্বিরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশ্য কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় ৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক দেবীগঞ্জ স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ঘাতক কোচটিকে সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নৈশ্য কোচ ও চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]