
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী ভোটার তাদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে গ্রহণ করেছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]