জানুয়ারিতেও কমল রফতানি আয়, শূণ্যের ঘরে প্রবৃদ্ধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯
জানুয়ারিতেও কমল রফতানি আয়, শূণ্যের ঘরে প্রবৃদ্ধি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা ষষ্ঠ মাসের মতো পতনের ধারায় রয়েছে দেশের রফতানি খাত। সবশেষ গত জানুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৪১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ।


সোমবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত জানুয়ারি মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৬০ লাখ ডলার।


তৈরি পোশাক খাত:জানুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৪৭ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলার।


তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮০ কোটি ১৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ২ দশমিক ৬১ শতাংশ কমেছে। এছাড়া ১৮১ কোটি ২৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশ।


ইপিবির তথ্যানুযায়ী, জানুয়ারি মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্যের রফতানি আয় কমলেও হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্যের বেড়েছে। জানুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭১ লাখ ডলারে।


আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। জানুয়ারি মাসে রফতানি হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য তবে কৃষি পণ্যের রফতানি আয় ৬ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৩১ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৭ কোটি ৮৩ লাখ ডলার।


এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৮৪১ কোটি ৪ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯৩ শতাংশ কম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com