
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে। ইউজিসি থেকে আসবে ৭১ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৮ কোটি ৭৫ লাখ টাকা, প্রারম্ভিক জের হিসেবে আসবে ২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা এবং পাসকৃত বাজেটে ঘাটতি রয়েছে ৯০ লাখ ৯৮ হাজার টাকা।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ১১০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থাপন করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ১০৬ কোটি চার হাজার টাকা হলেও নতুন বাজেট অনুমোদন হয়েছে ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার। ফলে বাজেট কমতি থাকবে চাহিদার ২২ কোটি ৭০ লাখ টাকা।
ইউজিসির গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখায় ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেটে আলাদা করে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। এছাড়া প্রস্তাবিত বাজেটের ৬০ দশমিক ৬৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা বেতন-ভাতা ও পেনশন, পণ্য ও সেবা বাবদ সহায়তা ৩১ দশমিক ৫৪ শতাংশ অর্থাৎ প্রায় ২৬ কোটি ২৭ লাখ ৮ হাজার টাকা, অন্যান্য অনুদান খাতে শূন্য দশমিক ৫৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪৪ লাখ ১৪ হাজার টাকা এবং সাত দশমিক ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা মূলধন অনুদান খাতে বরাদ্দ রাখা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল ১ কোটি ১০ লাখ টাকা, সেখান হতে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা। আশার কথা হলো, ক্রমান্বয়ে সরকারি অনুদান বৃদ্ধি করা গেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে।’
উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বাজেট বলেন, 'সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আধুনিকায়ন করার জন্য সার্বিক চাহিদা বিবেচনায় যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামীতে বাজেট বৃদ্ধি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]