
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমনের সভাপতিত্বে হলের ডায়নিংয়ে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর একজন নবীন শিক্ষার্থী বক্তব্য রাখেন। তারপর শাখা ছাত্রদলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সবাইকে সম্মিলিতভাবে ক্যাম্পাস জীবন অতিবাহিত করার পরামর্শ দেন ছাত্রনেতারা। যে-কোনো সমস্যায় পাশে থাকারও আশ্বাস দেন ছাত্রনেতারা।
এ সময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নবীন শিক্ষার্থী বাধন বলেন, আমরা আগে শুনতাম গণরুম, গেস্ট রুম কালচারের মাধ্যমে মানবেতর জীবন অতিবাহিত করতে হত। কিন্তু এখন আমরা তেমনটা দেখছি না। শুরুতেই হলে সিট পেয়েছি। সিনিয়ররা অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
আরেক নবীন শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ক্যাম্পাসে আসার মাত্র দুই দিন পর ছাত্রদলের পক্ষ থেকে আমাদের জন্য যে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটিকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। নতুন শিক্ষার্থী হিসেবে এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজেদের আপন মনে করার সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে আমার অনুভূতি খুবই ভালো এবং আমি বেশ উচ্ছ্বসিত।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুজ্জামান বলেন, ছাত্রলীগ যেখানে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিত, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ তোমাদের হাতে কলম ও ফুল তুলে দিচ্ছে। এটাই ছাত্রদলের রাজনীতি।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হজরত জিসান সকল নবীনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের পদচারণায় ক্যাম্পাস আরও প্রাণবন্ত হয়ে উঠুক। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তোমরা সফল হও—এই কামনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে তোমাদের সবাইকে স্বাগতম।
এ সময় হল ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের এই হলটি একটি নতুন আবাসিক হল, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে। নতুন হল হওয়ায় এখানে বসবাসরত শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
নবীন শিক্ষার্থীদের বলবো, বিশ্ববিদ্যালয় জীবনে যে-কোনো প্রয়োজন বা সমস্যায় আপনারা আপনাদের সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা সবসময় আপনাদের পাশে থাকবে। পাশাপাশি প্রয়োজন মনে করলে হল সংসদ বা ছাত্রদলের নেতাকর্মীদেরও জানাতে পারেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনে রাজনৈতিক সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই সচেতন নাগরিক হিসেবে রাজনীতি সম্পর্কে জানা ও মতামত গঠন করা প্রয়োজন। তবে কোন আদর্শ বা সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরই। একটি সংগঠনের কার্যক্রম, আচরণ ও শিক্ষার্থীদের প্রতি তাদের ভূমিকা দেখে আপনারা নিজস্ব মূল্যায়ন করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০২৪ সালের পর থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আর কখনো ফিরে আসুক আমরা চাই না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
বিবার্তা/স্বাতী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]