
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও জাকসুর ভিপি ও এজিএস (নারী) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ সব পক্ষের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ঘটনার ২১ দিন অতিবাহিত হলেও অপরাধী এখনো গ্রেফতারের বাইরে রয়েছে। আজ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর পক্ষ থেকে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে। আমাদের উপস্থিতিতেই মাননীয় মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তাদের ধন্যবাদ জানাই । তবে ২১ দিন পার হওয়ার পরে যেহেতু অপরাধী চিহ্নিত হয়নি সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিভাবক মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি । তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন। আশা করি, শীঘ্রই প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে।
জানা যায়, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]