অভিযুক্ত গ্রেফতার না হলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৯:০৩
অভিযুক্ত গ্রেফতার না হলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।


শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাকসুর নেতারা।


সংবাদ সম্মেলনে জাকসুর পক্ষ থেকে বলা হয়, ঘটনার তদন্তে শুরু থেকেই সমন্বয়হীনতা, বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা সুষ্ঠু তদন্তকে ব্যাহত করেছে। এছাড়া যাচাই ছাড়া এআই-নির্ভর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করার প্রক্রিয়াও বিভ্রান্তির মুখে পড়েছে বলে দাবি করা হয়।


এসময় পাঁচ দফা দাবি ঘোষণা করেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতারের ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তৎপর ভূমিকা রাখা; আসামিকে গ্রেফতারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা; প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির নিরপেক্ষ তদন্ত ও দোষ যাচাই; ঘটনাকে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে জাকসুর দাবিসমূহ বাস্তবায়ন না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা।


সংবাদ সম্মেলনে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে অভিযুক্ত ব্যক্তি দেশের যেখানেই অবস্থান করুক না কেন তাকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু দুঃখজনকভাবে নির্ধারিত সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। এমনকি তদন্তের অগ্রগতি সম্পর্কেও আমাদের কিছু জানানো হয়নি। এর প্রতিবাদেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।”


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com