শিক্ষা
প্রক্টরের পদত্যাগ দাবি
মধ্যরাতে উত্তাল জাবি ক্যাম্পাস
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী শিক্ষার্থীদের মানববন্ধন ও মশাল মিছিল
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:১৩
মধ্যরাতে উত্তাল জাবি ক্যাম্পাস
স্বাতী (জাবি) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।


বুধবার (১৩ মে) মধ্যরাত পর্যন্ত সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।


রাত ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নারী হল এলাকা থেকে সহস্রাধিক নারী শিক্ষার্থী মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টর অফিস নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।


শিক্ষার্থীরা আরও বলেন, বারবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নারী শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


এর আগে মঙ্গলবার (১২ মে) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেছা হলের পরিত্যক্ত অংশ এবং আল বেরুনী হলের সম্প্রসারিত অংশের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি বহিরাগত বলে জানা গেছে।


ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com