জাবির সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:২৬
জাবির সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটি-র একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।


রবিবার (১০ মে) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং চুক্তিতে স্বাক্ষর করেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই সমঝোতা স্মারকের আওতায় চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফর্মেশন, দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন একাডেমিক বিনিময় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান আদান-প্রদানের সুযোগ পাবেন, যা উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে সমৃদ্ধ করবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন।


হুবেই ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর অধ্যাপক ড. কাই লেই, স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক ড. ঝাং ইয়ান, কলেজ অব হেলথ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. চেন হঙঝিয়ান, অধ্যাপক ড. কাই ডঙবো এবং ড. হান কাই। এছাড়া বিজ্ঞান কারখানার সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com