শিক্ষা
জাবির সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশে সম্মাননা পেলেন ইউআরপি শিক্ষক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২৩:১৭
জাবির সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশে সম্মাননা পেলেন ইউআরপি শিক্ষক
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। বিগত ২০২৫ সালের গবেষণাকর্মের মূল্যায়নে ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।


মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক ও আর্থিক প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের প্রবর্তক এবং জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন উপস্থিত ছিলেন। তিনি ট্রাস্টের প্রেক্ষাপট তুলে ধরে জানান, কলা ও মানবিকী এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতে ২০০১ সাল থেকে পর্যায়ক্রমে এই পুরস্কার দেওয়া হচ্ছে।


মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, "পুরস্কারের জন্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমরা পরিমাণগত বা সংখ্যাগত (Quantitative) মাপকাঠি ব্যবহার করে থাকি। প্রতি ইংরেজি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা শিক্ষকদের প্রকাশনার তালিকা বিশ্লেষণ করে সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশকারীকে এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়।"


সেই মূল্যায়নের ভিত্তিতেই এ বছর সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে জানিয়ে তাকে ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান অধ্যাপক দারা শামসুদ্দীন।


সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com