জাবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে প্রাণবন্ত ‘ভেলা বাইচ’ আয়োজন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৩৭
জাবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে প্রাণবন্ত ‘ভেলা বাইচ’ আয়োজন
সামিয়া তাসনীম স্বাতী (জাবি প্রতিনিধি)
প্রিন্ট অ-অ+

বাংলা নববর্ষের আগমনী আবহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিরে এসেছে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য—ভেলা বাইচ। ‘চৈত্র সংক্রান্তি ১৪৩২’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজন করে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা, যা ক্যাম্পাসে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।


সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে অনুষ্ঠিত হয় এ আয়োজন। গ্রামীণ সংস্কৃতির স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।


অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে দু’জন করে মোট ২২ জন শিক্ষার্থী অংশ নেন, যা প্রতিযোগিতায় বাড়তি প্রাণচাঞ্চল্য এনে দেয়।


হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল। দ্বিতীয় হয় নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অধিকার করে কামাল উদ্দিন হল। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় রাজহাঁস, মুরগি এবং একজোড়া কবুতর—যা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবেই বিবেচিত।


আয়োজকদের ভাষ্য, এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; বরং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার একটি সচেতন প্রয়াস। এমন আয়োজন তরুণদের মাঝে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে পুনর্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপাচার্য ড. মো. কামরুল আহসান বলেন, পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে প্রবেশের এই ক্ষণে এমন আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com