
সাভার নবীনগরে পাম্পে লাইন ভেঙে জারে তেল নিচ্ছিলেন এক যুবক, এসময় এর প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তেল পাম্পের একজন কর্মচারী ও অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের নবীনগরের 'নবীনগর সিএনজি ফুয়েলিং এন্ড ফিলিং স্টেশন' এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের (৫১তম) ব্যাচের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও জাবির ইতিহাস বিভাগের (৪৮তম) ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ লাইন ভেঙে পিছনে থেকে এসে জারে তেল নিচ্ছিলেন অভিযুক্ত যুবক। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ প্রতিবাদ করেন। এতে অভিযুক্ত ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সাথে থাকা কয়েকজন মিলে সৌরভকে মারধর করেন। এছাড়াও সেসময় পাম্পের যে কর্মচারী তেল দিচ্ছিলেন তিনি সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, মারধরের পর পাম্পের ওই কর্মচারী ফোন দিয়ে আরও কয়েকজন যুবককে নিয়ে আসেন ভুক্তভোগীকে মারধরের জন্য। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসি ।
এ বিষয়ে কথা বলার জন্য পাম্পের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]