চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেয়ার অভিযোগে জাবিতে ঠিকানার ৬ বাস আটক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:৩৮
চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেয়ার অভিযোগে জাবিতে ঠিকানার ৬ বাস আটক
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ছয়টি বাস আটক করেছে।


শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসব বাস আটক করা হয়।


ভুক্তভোগী শিক্ষার্থী মামুন, যিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে তিনি বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। পরে ডেইরি গেটে নামার কথা জানালে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে তুলতে অনীহার কথা জানায়। একপর্যায়ে আরেক হেলপার তাকে চলন্ত বাস থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাঁটু ও হাতে আঘাত লাগে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।


ঘটনার বিষয়ে ঠিকানা পরিবহনের এক স্টাফ বলেন, “আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”


তিনি আরও বলেন, “ঠিকানা সহ অন্যান্য পরিবহন কর্তৃপক্ষকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও চালক ও হেলপারদের এমন আচরণ বন্ধ হচ্ছে না। বাস মালিক পক্ষকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


বিবার্তা/সামিয়া/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com