শিরোনাম
কুষ্টিয়ায় একই রশিতে ঝুলন্ত পিতা-পুত্রের লাশ উদ্ধার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৫
কুষ্টিয়ায় একই রশিতে ঝুলন্ত পিতা-পুত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ধর্মান্তরিত বাবা ও শিশু সন্তানের লাশ একই রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।


নিহত পিতা কুষ্টিয়া পৌরসভার আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে রেজাউল করিম মধু (৩৮), পূর্বের নাম মধুসূদন রায় ও তাঁর শিশুপুত্র মুগ্ধ হোসাইন (৭)।


২৭ জানুয়ারি, শনিবার বিকেল ৪:৩০ টার দিকে শহরের মঙ্গলবাড়িয়ার একটি ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মধু শনিবার দুপুর ১২টার দিকে ছেলে মুগ্ধকে হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে তাঁর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় মা শেফালি খাতুন বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ভাড়া বাসায় আসেন। এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় তার স্বামী ও সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে আছে।


এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বিকেল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


উল্লেখ্য, মধু প্রায় ৮ বছর পূর্বে ধর্মান্তরিত হন এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মণ্ডলের মেয়ে শেফালি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন।


পিতা-পুত্রের লাশ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, রশিতে ঝুলন্ত অবস্থায় শিশুসহ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এবং কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি। তদন্তের পরে জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/শরিফুল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com