
কোরআন শিক্ষায় আফ্রিকান দেশ নাইজেরিয়া অনন্য এক গৌরব অর্জন করেছে। দেশটিতে গড়ে প্রতি ঘরে একজন করে পবিত্র কুরআনের হাফেজ রয়েছে।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় কোরআন হিফজ করার ঐতিহ্য রয়েছে। প্রত্যেক পরিবার চেষ্টা করে তাদের ঘরে যেন অন্তত একজন কোরআনের হাফেজ হন। কোনো কোনো পরিবারের একাধিক সদস্যও হাফেজ হন। শুধু তাই নয়, কেউ কোরআন পড়তে জানে না এমন মুসলিম পরিবার নাইজেরিয়ায় নেই।
ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার একজন মুখপাত্র মোস্তফা গারবা বলেন, নাইজেরিয়ার ইসলামী শিক্ষা কার্যক্রমের প্রায় সব স্তরে কোরআন শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়। বিশেষত কোরআন হিফজ করাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। মা-বাবা ও অভিভাবকরা শৈশব থেকেই চেষ্টা করেন যেন শিশুরা কোরআনের প্রতি উৎসাহী হয় এবং তারা হিফজ সম্পন্ন করতে পারে।
তিনি আরো বলেন, শিশুদের কোরআনের প্রতি উৎসাহিত করতে অভিভাবকরা তাদের কিরাত মাহফিল ও কোরআনের মজলিসে নিয়ে যান। কন্যাশিশুদের ঘরোয়া পরিবেশে কোরআন শেখানো হয়। শিক্ষাজীবনের শুরু থেকেই তারা অল্প অল্প করে হিফজ করতে থাকে।
মোস্তফা গারবার মতে, দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠানের সহজলভ্যতা কোরআনের শিক্ষাকে উৎসাহিত করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শিশুদের কোরআন হিফজ করতে উৎসাহিত করে। ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই হিফজ শেষ করতে পারে। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোও শিশুদের মনে আগ্রহ তৈরি করে। নাইজেরিয়ায় শিশু থেকে যুবক বয়সীদের জন্য অসংখ্য কোরআন হিফজের প্রতিযোগিতা হয়ে থাকে। সূত্র: শাফাকনা ডটকম
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]