শিরোনাম
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:০৫
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর ঢাকায় হঠাৎ স্বস্তির বৃষ্টি নেমেছে। সঙ্গে বইছে দমকা বাতাসও। এতে কিছুটা শীতল অনুভব হচ্ছে।


মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়াও। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও মাঝপথে সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।


১৬ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৩টা থেকে আকাশে গুমোট ভাব ছিল। কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন জায়গায়। আধঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।


এর আগে, ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।


এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


চৈত্রের শেষ থেকেই তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। ৫৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। তবে এ সময়ের বৃষ্টি বেশি সময় স্থায়ী থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।


আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ তাপপ্রবাহ আরও বাড়তে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
মৃদু থেকে মাঝারি ধরনের এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বড় কোনো ঝড় হওয়া কিংবা বৃষ্টি না হওয়া পর্যন্ত দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com