
কিছুদিন পূর্ব পর্যন্ত দেশ বিদেশের নানানপ্রান্তে টানা স্টেজ শো করে বেরিয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। আগত সন্তানকে সাথে নিয়েই জীবনের প্রয়োজনে ছুটে চলেছিলেন এখানে সেখানে।
এমনকি লুইপার সর্বশেষ মিউজিক ভিডিও ‘জেন্টলম্যান’র শুটিং যখন মানিকগঞ্জে হয় তখন থেকেই তিনি সন্তান সম্ভবা। কিন্তু গানের প্রতি অদম্য ভালোবাসাই অনেক সময় নিজের সাথে যুদ্ধ করে কাজ করে গেছেন লুইপা। সেই লুইপার কোলজুড়ে গত ৫ সেপ্টেম্বর পৃৃথিবীতে এলো তার প্রথম সন্তান পায়রা। যার পুরো নাম হচ্ছে আলিসা আনজুম পায়রা। লুইপা এবং তার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেন দম্পতির প্রথম সন্তান পায়রা।
লুইপার জন্মস্থান বগুড়াতেই পায়রার জন্ম হয়। তাই জন্মের পর লুইপা তার বাবা মায়ের কাছেই আছেন বগুড়ার নাটাইপাড়ায় ‘উত্তরণ’-এ। সেখানেই লুইপা তার মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এরইমধ্যে ঢাকা থেকে বিভিন্ন চ্যানেল যোগাযোগ করছেন টিভি শো’র জন্য, আবার অনেকেই যোগাযোগ করছেন স্টেজ শো’র জন্য। কিন্তু লুইপার সন্তান পায়রার চল্লিশ দিন না হওয়া পর্যন্ত ঢাকায় আসবেন না বলে জানিয়েছেন লুইপা।
প্রথম মা হওয়া প্রসঙ্গে লুইপা বলেন, অনেকের মতোই হয়তো আমাকেও বলতে হচ্ছে যে সত্যিই মা হবার অনুভূতি ভাষায় প্রকাশের নয়। এই যে কতো আনন্দের, কতো সুখের তা কেমন করে বুঝাই। পায়রা জেগে থাকে যতোক্ষণ আমি জেগে থাকি ততোক্ষণ, পায়রা যখন ঘুমায় আমিও তখন একটু ঘুমাই। ও কাঁদলে মন খারাপ হয় ভীষণ। মাত্র কয়েকদিনে পায়রাকে ঘিরে আমার অনুভূতিটা এমন হয়েছে যে ওর জন্যই আমার বেঁচে থাকতে হবে, সেইতো আমার সুখের পৃথিবী। আমি জানি ঢাকায় গেলেই আমি ব্যস্ত হয়ে যাবো। তাই মনও চাইছে না এখান থেকে ঢাকায় যেতে। সারাক্ষণ পায়রার সঙ্গেই থাকতে চাই আমি।
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লুইপা আলমগীর হোসেনকে ২০১৩ সালের ১২ জুলাই বিয়ে করেন। একটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনের সাথে লুইপার সম্পৃক্ততা হলেও লুইপা তার বাবা মা, স্বামী আলমগীর এর সহযোগিতায় লুইপা আজকের এই পর্যায়ে এসেছেন। লুইপা বর্তমানে প্রিয়াংকা গোপের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন।
তার গাওয়া গানগুলোর মধ্যে যে গানগুলো শ্রোতাদের মধ্যে বেশি সাড়া ফেলেছে সেগুলো হচ্ছে ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’,‘ আমার আপনার চেয়ে আপন যে জন’,‘ জোছনা করেছে আঁড়ি আসনো আমার বাড়ি’,‘জেন্টলম্যান’, ‘শীতের অবসরে’ ইত্যাদি।
বিবার্তা/অভি/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]